রিজভী আহমেদ

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখনো সন্দেহ আছে

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৫৫ পিএম
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখনো সন্দেহ আছে

নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান আচরণ ও কর্মকাণ্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে পারছে বলে আমাদের মনে হচ্ছে না। তারা যদি নিরপেক্ষ না থেকে কোনো একদিকে হেলে পড়ে, তবে জনগণের পুরনো আশঙ্কাই সত্যি হবে, যা আমাদের কাম্য নয়।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরা ও পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রিজভী আহমেদ আরও বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য বারবার রক্ত দিয়েছে। কোনো স্বৈরশাসক বা ফ্যাসিবাদকে আর জনগণের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পে দিনব্যাপী শরীয়তপুরের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

উপস্থিত নেতৃবৃন্দ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু এবং শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। এছাড়া জেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেএইচআর