নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:০৭ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগ করার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। 

এনসিপির নির্বাচনী মিডিয়া উপ কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহাবুব আলম জানান, আজ মগবাজার মৌচাক মার্কেট ও বাংলা টিভির গলিতে উঠান বৈঠক করছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠক চলাকালে মঞ্চের পাশে থাকা একটি ভবনের ওপর থেকে তার ওপর হঠাৎ নোংরা পানি ফেলা হয়। এর কিছুক্ষণ পরেই তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ওপর থেকে নোংরা পানি ও ডিম নিক্ষেপের দৃশ্য দেখা গেছে।

প্রচারণার সময় হঠাৎ এমন ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে উপস্থিত নেতাকর্মীদের শান্ত করেন এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

ইএইচ