সংঘর্ষের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:৪৬ পিএম
সংঘর্ষের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। 

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এবিএম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কমিটি স্থগিতের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, হঠাৎ করে কমিটি স্থগিতের বিষয়টি শুনেছি। কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জেলা বিএনপির কমিটি স্থগিতের ঘটনায় দলীয় নেতাকর্মীসহ রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সে সময় মো. হযরত আলীকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল। তবে আড়াই মাসের মাথায় গত বছরের ২ জানুয়ারি ওই কমিটিও স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

এর প্রায় চার মাস পর, একই বছরের ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিও সাড়ে ছয় মাসের মাথায় এসে স্থগিত করল কেন্দ্রীয় বিএনপি।

ইএইচ