নাহিদ ইসলাম

সন্ধ্যার মধ্যে মোবাইল নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বাতিল না হলে কমিশন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:০৭ পিএম
সন্ধ্যার মধ্যে মোবাইল নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বাতিল না হলে কমিশন ঘেরাও

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি ঘোষণা দেন যে, আজ সোমবার সন্ধ্যার মধ্যে এই ‘জনবিরোধী’ বিধিবিধান পরিবর্তন না করা হলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করবে ছাত্র-জনতা।

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে নাহিদ ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

গত রোববার ইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো সাধারণ ভোটার মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন কোন জায়গা থেকে এই আইন বের করেছে, আমরা জানি না। এটি মূলত ভোট কারচুপির পরিবেশ তৈরি এবং তথ্য অধিকার হরণের একটি অপকৌশল। কার পরিকল্পনা অনুযায়ী ইসি কাজ করছে, তা জনগণের কাছে এখন স্পষ্ট হচ্ছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, ১২ ফেব্রুয়ারি কোনো পক্ষপাতিত্ব করলে বর্তমান কমিশনের অবস্থা তার চেয়েও করুণ হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘ভাই’ সম্বোধন করে নাহিদ ইসলাম বলেন, আপনাদের ওপর দেশের মানুষের আমানত গচ্ছিত। মনে রাখবেন, গণ-অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন হচ্ছে। এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। তিনি ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে নাহিদ ইসলাম বেসরকারি গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অনেক গণমাধ্যম টাকার বিনিময়ে একটি নির্দিষ্ট দলের বিজ্ঞাপন প্রচার করছে এবং তাদের নির্বাচনী মার্কাকে প্রাধান্য দিচ্ছে, যা পুরোপুরি অনৈতিক।

তিনি বলেন, বিগত ১৬ বছর আপনারা বলেছেন আপনারা ‘বাধ্য হয়ে’ দালালি করেছেন। এখন আপনাদের কে বাধ্য করছে? জনসমক্ষে তাদের নাম বলুন, আমরা আপনাদের পাশে থাকব। না হলে ধরে নেব আপনারা পুনরায় কোনো নতুন স্বৈরাচারের বৈধতা উৎপাদনের দালালি করছেন। তিনি হুঁশিয়ারি দেন যে, দালালি করলে ১২ ফেব্রুয়ারি জনগণ এসব মিডিয়ার বিপক্ষেও রায় দেবে।

মোহাম্মদপুরবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে, তাদের আমরা চিনি। ১২ ফেব্রুয়ারি প্রতিটি কেন্দ্রে তরুণ সমাজ লাঠি হাতে প্রস্তুত থাকবে। যদি ভোট দখলের চেষ্টা হয়, তবে শক্ত হাতে তা প্রতিহত করা হবে। তিনি ঢাকা-১৩ আসনে ‘রিকশা’ মার্কায় ভোট দিয়ে জুলাই আকাঙ্ক্ষার বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনিও ইসির বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

এএন