পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসনের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সকাল সাড়ে ৮টায় সারজিস আলম তাঁর বাবা ও ছোট ভাইকে সাথে নিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তিনি নিজের আসনের 'শাপলা কলি' প্রতীকে ভোট প্রদানের পাশাপাশি গণভোটে 'হ্যাঁ' ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে তাঁর প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন।
সারজিস আলম বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখায়, তবে আমাদের কোনো অভিযোগ থাকবে না।” তিনি প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন গণতান্ত্রিক যাত্রায় জনমতের প্রতিফলন ঘটা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
গত কয়েকদিনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে সারজিস বলেন, তাঁর আসনে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে ভোটারদের হুমকি ও ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা অভিযোগ করার জন্য নির্বাচনে আসিনি, কিন্তু কোথাও পেশিশক্তির প্রয়োগ বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।”
তিনি আরও বলেন, পঞ্চগড়-১ আসনের ১৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলে তাঁরা জনরায় মেনে নিতে প্রস্তুত। গত দেড় বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। সারজিস দাবি করেন, পঞ্চগড়ে এনসিপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সহনশীল আচরণ বজায় থাকলে তাঁরা বড় জয় পাবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন