১৪ এতিমখানা ও মাদ্রাসায় ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪৫ পিএম
১৪ এতিমখানা ও মাদ্রাসায় ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা

এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান নিজে সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানাগুলোতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন। একই সঙ্গে রমজানের পুরো মাসের খাবার সরবরাহের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য রমজানের প্রতিদিনের ইফতার ও সেহরির একটি পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে মাসজুড়ে শিক্ষার্থীদের খাবারের কোনো সংকটে পড়তে হবে না।

খাদ্যসামগ্রী বিতরণকালে জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান মাসে তারা যেন নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা উল্লেখ করেন, দীর্ঘ মেয়াদে নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য তাঁরা আহ্বান জানান।

জেএইচআর