জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি।
শনিবার দুপুরে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেনের বক্তব্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে প্রেক্ষাপটে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বদলে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, আবার কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করা হচ্ছে, যা জনগণের মতামতের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল।
সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে একটি উচ্চতর প্রতিষ্ঠান প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সেই চিন্তা থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে এবং অতীতে কোনো রাজনৈতিক দলই এই প্রস্তাবের বিরোধিতা করেনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন