জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ এর প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেলে এনসিপি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে নাম লেখাবেন।
এই যোগদান উপলক্ষে সম্প্রতি ওয়ারিয়র্স অব জুলাই নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এক বৈঠক সম্পন্ন করেন। বৈঠকে ওয়ারিয়র্স সভাপতি মো. সালমান হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মো. সালমান হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ কার্যকর করার লক্ষ্যেই তাঁরা সম্মিলিতভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, বিগত দেড় বছর ধরে আমরা ছোট পরিসরে লড়াই করে আসছি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং বড় পরিসরে সংগ্রাম চালিয়ে যেতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রয়োজন। গণভোট ও জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতেই আমাদের এই ঐতিহাসিক উদ্যোগ।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এই যোগদানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়া আমাদের জন্য অনুপ্রেরণার। সব শ্রেণিপেশার মানুষ এখন দেশের স্বার্থে এনসিপিকে বেছে নিচ্ছে। আমরা সাধারণ মানুষের জীবনের সমস্যা সমাধানের রাজনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থাকা এই সংগঠনের যুক্ত হওয়া এনসিপির সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন