জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কিছু সমর্থক আমাকে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন। বিষয়টি আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, যারা কিছুদিন আগেও তার বিরুদ্ধে নানা সমালোচনা ও অপপ্রচার চালিয়েছেন, তাদের মধ্য থেকেই এখন এমন তুলনা আসছে।
পোস্টে তিনি ফুটবল ক্লাবের উদাহরণ টেনে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনা করার চেষ্টা করেন। তিনি প্রশ্ন তোলেন, এই তুলনায় কোন পক্ষকে ফরাসি ক্লাব পিএসজি এবং কাকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ভূমিকায় দেখা হচ্ছে।
এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন তাসনিম জারা। তার ভাষ্য, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি থেকে সরে এসে দলটি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের পথে গেছে। একই সঙ্গে তিনি নির্বাচনী আসনসংখ্যার প্রসঙ্গ টেনে বলেন, রাজনৈতিক শক্তির বিচারে কিছু তুলনা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, তিনি নিজেকে কোনো দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং ঢাকা-৯ আসনের জনগণের প্রতিনিধি হিসেবেই দেখতে চান। যদি ওই এলাকার জনগণকে ‘রিয়াল মাদ্রিদ’-এর সঙ্গে তুলনা করা হয়ে থাকে, তবে সেটিকে তিনি নিজের জন্য বড় সম্মান বলে মনে করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন