বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এখন পর্যন্ত লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আরলিং হালান্ড ও হ্যারি কেইন এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। চার তারকার পারফরম্যান্সে জমে উঠেছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ব্যক্তিগত লড়াই।
বিশ্বকাপ শেষে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দেওয়া হয়। তবে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় কার অ্যাসিস্ট বেশি। এরপরও সমতা থাকলে যে খেলোয়াড় কম সময় মাঠে থেকে ওই গোলসংখ্যা অর্জন করেছেন, তাকেই এগিয়ে রাখা হয়। এমনটাই জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন। টুর্নামেন্টে খেলা পাঁচটি ম্যাচেই গোল করেছেন তিনি। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয়ে একটি গুরুত্বপূর্ণ গোল করেন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন। চলতি আসরে পাঁচ ম্যাচে তার গোল ৮টি, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট।
বর্তমান গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপ্পেও খুব কাছাকাছি অবস্থানে আছেন। ফ্রান্সের এই ফরোয়ার্ড পাঁচ ম্যাচে ৭ গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন। ফলে গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্টের বিচারে ফিফার নিয়ম অনুযায়ী এমবাপ্পেই মেসির চেয়ে এগিয়ে থাকবেন।
নিজের প্রথম বিশ্বকাপেই দারুণ ছাপ রাখছেন নরওয়ের স্ট্রাইকার আরলিং হালান্ড। রাউন্ড অব ১৬-এ শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন তিনি। এতে পাঁচ ম্যাচ শেষে তার গোলসংখ্যাও দাঁড়িয়েছে ৭-এ। তবে এমবাপ্পের সমান গোল করলেও অ্যাসিস্ট কম থাকায় আপাতত তালিকায় পিছিয়ে রয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।
এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের মোট গোলসংখ্যা ৬-এ উন্নীত করেছেন। তার নামের পাশে রয়েছে একটি অ্যাসিস্টও। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করলে তিনিও সহজেই শীর্ষ প্রতিযোগিতায় উঠে আসতে পারেন।
৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপে ফাইনালে ওঠা দলগুলো সর্বোচ্চ আটটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফলে শীর্ষ গোলদাতাদের সামনে এক আসরে সর্বাধিক গোলের রেকর্ড ভাঙার সুযোগও তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডটি রয়েছে জাস্ট ফন্টেইনের দখলে।
ফক্স স্পোর্টসের বেটিং অডস অনুযায়ী, গোল্ডেন বুট জয়ের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি (+১২০)। তার ঠিক পরেই অবস্থান করছেন কিলিয়ান এমবাপ্পে (+১৪০)। তবে কোয়ার্টার ফাইনাল ও পরবর্তী ম্যাচগুলোর পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা কার হাতে উঠবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন