আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:২৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছেছে। তাকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিবেচনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। বিমানবন্দরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে নিয়মিত অঙ্গীভুত আনসার গার্ডের ৫০০ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ২৮০ জন ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আনসার মহাপরিচালকের নির্দেশনায় সিআইপি গেইট, অ্যারাইভাল ক্যানোপি ও ডোমেস্টিক ড্রাইভওয়েসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে এই অতিরিক্ত সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আরও আনসার সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগামীকাল জাতীয় সংসদ ভবন এলাকায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজার সময় ওই এলাকায় পর্যাপ্ত সংখ্যক আনসার ও টিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে আনসার-ভিডিপি সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞতি।
ইএইচ