ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজনীতিতে নতুন উদ্যোগ ছায়ামন্ত্রীসভা গঠনের আলোচনা

আবু তাহের

আবু তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:০২ পিএম

রাজনীতিতে নতুন উদ্যোগ ছায়ামন্ত্রীসভা গঠনের আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলটি এককভাবে ২০৯টি আসন পেলেও জোটবদ্ধভাবে পেয়েছে ২১২টি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ৬টি আসন পেয়েছে।

আগামী মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছে। এরই মধ্যে আসিফ মাহমুদ ও শিশির মনিরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জনমনে ছায়ামন্ত্রীসভা গঠন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শিশির মনির এক পোস্টে বলেন, আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ। এ ছাড়া আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে প্রহরী হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা। এই বক্তব্যগুলো থেকে প্রতীয়মান হয়, ছায়ামন্ত্রীসভাকে কেবল রাজনৈতিক কৌশল হিসেবে নয়, বরং একটি তদারকি ও জবাবদিহিমূলক কাঠামো হিসেবে ভাবা হচ্ছে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতাসীন সরকারের পাশাপাশি একটি সংগঠিত ও নীতিনিষ্ঠ বিরোধী দলের উপস্থিতি অপরিহার্য। এই প্রেক্ষাপটে ছায়ামন্ত্রীসভা বা শ্যাডো ক্যাবিনেট ধারণাটি বিশেষ তাৎপর্য বহন করে।

এটি এমন একটি রাজনৈতিক কাঠামো যার মাধ্যমে বিরোধী দল সরকারকে নজরদারির আওতায় রাখে। পাশাপাশি জনগণের সামনে বিকল্প নীতি ও নেতৃত্ব উপস্থাপন করে।

ছায়ামন্ত্রীসভা হলো বিরোধী দলের গঠিত এক ধরনের বিকল্প মন্ত্রীপরিষদ। এখানে দলের অভিজ্ঞ নেতাদের বিভিন্ন খাতে ছায়ামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।

তাঁরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নীতিগত বিশ্লেষণ করেন। প্রয়োজন হলে সমালোচনার পাশাপাশি তাঁরা বিকল্প প্রস্তাবও দিয়ে থাকেন।

এর মূল উদ্দেশ্য হলো জবাবদিহিতা নিশ্চিত করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি গ্রহণ করা। ছায়ামন্ত্রীসভার প্রাতিষ্ঠানিক রূপ প্রথম সুসংগঠিতভাবে দেখা যায় যুক্তরাজ্যে।

সেখানে প্রধান বিরোধী দল একটি পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা গঠন করে। প্রতিটি সরকারি মন্ত্রণালয়ের বিপরীতে সেখানে একজন করে ছায়ামন্ত্রী থাকেন।

তাঁরা সংসদে প্রশ্নোত্তর, বিতর্ক ও নীতিগত সমালোচনার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন। এই মডেল পরবর্তীতে অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশেও অনুসরণ করা হয়েছে।

একটি কার্যকর ছায়ামন্ত্রীসভা সাধারণত সরকারের নীতি ও সিদ্ধান্ত বিশ্লেষণ এবং বাজেট ও উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করে থাকে। সংসদে গঠনমূলক বিতর্কে অংশগ্রহণ এবং বিকল্প কর্মপরিকল্পনা উপস্থাপন করাও এর কাজ।

ছায়ামন্ত্রীসভা গণতন্ত্রে প্রহরীর ভূমিকা পালন করে। এটি ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এবং একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা কমাতে সহায়তা করে।

পাশাপাশি এটি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল করে তোলে। এটি কোনো সাংবিধানিক বাধ্যতামূলক কাঠামো না হলেও গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশে যদি এই ধারণাটি সুসংগঠিতভাবে বাস্তবায়িত হয়, তবে তা রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে। একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য কার্যকর বিরোধী দল আর সেই পথেই ছায়ামন্ত্রীসভা হতে পারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

জেএইচআর

Link copied!