আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬, ০৯:৩১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে আজ আইন প্রণয়ন কার্যাবলীতে ব্যস্ত সময় পার করেছেন সংসদ সদস্যরা। সোমবার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মোট ৭টি বিল পাস হয়েছে এবং ৪টি নতুন বিল উত্থাপন করা হয়েছে।
আজ পাস হওয়া ৭টি আইন:
১. গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (সংশোধন) বিল।
২. নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল-২০২৬।
৩. ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২৬।
৪. নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান সংশোধন) বিল-২০২৬।
৫. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) বিল-২০২৬।
৬. জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ) বিল-২০২৬।
৭. বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬।
উত্থাপিত ৪টি নতুন বিল:
পাস হওয়া বিলগুলোর বাইরেও আজ চারটি গুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
১. জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল: এটি বিল আকারে উত্থাপন করা হয়েছে, যার ওপর পরবর্তী দুই দিন আলোচনা চলবে।
২. সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল-২০২৬: বিশেষ কমিটির 'নোট অব ডিসেন্ট' থাকায় এটি আজ শুধুমাত্র উত্থাপন করা হয়েছে; বিস্তারিত আলোচনা পরে অনুষ্ঠিত হবে।
৩. ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল: কৃষিজমি রক্ষায় আনীত এই বিলটি উত্থাপনের পর অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
৪. সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল-২০২৬: এটিও আজ আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করা হয়।
সংসদীয় কার্যক্রমের এই ধারাবাহিকতায় দেশের আইনি ও প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ এসব বিলের ওপর আগামী দিনগুলোতে আরও বিস্তারিত আলোচনা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
জেএইচআর