আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬, ০৭:৫১ পিএম
আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে হলে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে বর্জ্য সঠিক জায়গায় রাখা বেশি জরুরি মন্তব্য করে সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সচেতনতা আগে প্রয়োজন। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপনার নজির পৃথিবীতে নেই।
শনিবার রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শেষে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশকে ধারণ করতে চাই। অন্যের ওপর দায় চাপানোর চেয়ে নিজের দায় নিতে শিখতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের মূল্যায়ন করেছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই জনগণের জন্য একটি জনবান্ধব নগর গড়ে তোলার দায়বদ্ধতা আমার আছে।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বর্জ্য ও মশক নিধনে জনগণের সরাসরি অংশগ্রহণের ওপর জোর দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। কিন্তু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এখানে ৫০-৫০ অংশীদারিত্ব প্রয়োজন। জনগণ ৫০ শতাংশ সচেতন হলে আর সিটি করপোরেশন বাকি ৫০ শতাংশ কাজ করলে তবেই শতভাগ সাফল্য আসবে।
বাসাবাড়ির পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আমরা ব্লিচিং পাউডারসহ সব সরঞ্জাম দিতে পারব। কিন্তু কারও ঘরের ছাদ বা টবের জমে থাকা পানি তো সিটি করপোরেশন পরিষ্কার করে দিয়ে আসতে পারবে না। এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এম জি