আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬, ০৯:১২ এএম
দেশজুড়ে বৈশাখী আবহের ছোঁয়া বাড়তেই আবারও ঝড়-বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শুধু ঝোড়ো হাওয়াই নয় একই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল কিংবা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া আসতে পারে, যা হঠাৎ করেই তীব্র হয়ে উঠতে পারে। ফলে নদীপথে চলাচলকারীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে দিনের বাকি সময়েও স্বস্তি নেই। আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস বলছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, চলমান এই পরিবর্তনশীল আবহাওয়া আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
হঠাৎ দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির এই মিশ্র পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন সতর্কবার্তা দেওয়া হবে।
এএন