রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
আগস্ট ২৮, ২০২৫, ০৮:০৬ পিএম
আওয়ামী লীগ ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে বর্তমান স্বৈরাচার আরও ভয়াবহ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
তিনি অভিযোগ করেন, গত এক বছরে ‘চব্বিশের আন্দোলনকারীদের’ ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি দুপুরে ডিআরইউ থেকে তার ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান এবং তাদের মুক্তির দাবি জানান।
কাদের সিদ্দিকী বলেন,‘আমি দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে বলতে চাই, চব্বিশের আন্দোলনকে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। তাদের সমর্থনও করেছি। কিন্তু বর্তমানে আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি ভেবেছিলাম তাদের বিজয় দীর্ঘস্থায়ী হবে, কিন্তু মাত্র এক বছরের মধ্যে সেটি ধ্বংসের দিকে যাচ্ছে—এটি কারও প্রত্যাশা ছিল না।’
তিনি আরও বলেন,‘আওয়ামী দোসরের চেয়ে এ স্বৈরাচার বড়। মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।’
দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানান তিনি।
লতিফ সিদ্দিকীকে আটকের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আজ সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে মব সৃষ্টি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই সম্মানের সঙ্গে তাকে মুক্তি দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তবে আমরা আইনিভাবে লড়ব।’
ইএইচ