টাঙ্গাইল প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫, ০৮:৪৩ পিএম
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪শের আন্দোলনকে আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি এবং তাদের সমর্থন করি। তবে বর্তমানে ২৪শের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে।
বলেন, আমি ভেবেছিলাম তাদের বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে এটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যা আমরা আশা করিনি। আর যদি বলা যায়, আওয়ামী ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে বর্তমান এই স্বৈরাচারই বড়।”
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলও আজকের মতো হতো না। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং নিরাপত্তা জোরদারের দাবি করি।”
লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, “সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়ার সময় মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে, আমরা আইনিভাবে লড়ব।”
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ