নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২৮ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসাকেই দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরুর আগে মরহুমার সংক্ষিপ্ত জীবনী পাঠকালে তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, "দেশবাসী সাক্ষী, বেগম খালেদা জিয়া হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন ও অন্ধকার প্রকোষ্ঠে দীর্ঘ সময় চিকিৎসাহীন অবস্থায় থাকায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশ-বিদেশের চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। এই মৃত্যুর নৈতিক দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পাবেন না।"
খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় রাজনৈতিকভাবে পরাজিত হয়ে প্রতিপক্ষরা তাকে ব্যক্তিগত শত্রু হিসেবে গণ্য করেছিল। এরশাদ সরকার, এক-এগারোর সরকার এবং সবশেষে শেখ হাসিনা প্রত্যেকেই তাকে কারারুদ্ধ করে দমিয়ে রাখতে চেয়েছেন। এমনকি শহীদ স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকেও তাঁকে উচ্ছেদ করা হয়েছে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতি কিংবা গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনও আপস করেননি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "আজ দেশনেত্রী সকল মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হয়ে কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। অন্যদিকে, যারা তাকে কষ্ট দিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে এবং মিথ্যা সাজা দিয়েছে, তারা আজ পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছে। তাঁদের মাথার ওপর এখন মৃত্যু পরোয়ানা ঝুলছে।"
তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া আজীবন জনগণের পাশেই ছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ তাকে আপসে বাধ্য করতে পারেনি। ‘বিদেশে বন্ধু আছে, প্রভু নেই’ এই দর্শন ধারণ করে তিনি জনগণের ভালোবাসায় তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
ইএইচ