আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৫ পিএম
ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নতুন অভিযোগ সামনে এনেছেন।
বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি ইস্কাটন এলাকায় তাঁর নারী সমর্থকদের ওপর হামলার ঘটনা উল্লেখ করেন।
পাটওয়ারী তাঁর বার্তায় লেখেন, ইস্কাটনে আমাদের বোনদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান যে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে তাঁরা কখনো নীরব থাকবেন না। এর আগে বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোট কারচুপির মহোৎসব চলছে বলেও অভিযোগ করেছিলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রতি নির্বাচন বানচাল না করার আহ্বান জানান। এ সময় তিনি বেশ কঠোর ভাষায় সতর্ক করে বলেন যে মির্জা আব্বাসের তথাকথিত রাজত্ব তছনছ করে দেওয়া হবে।
ঢাকা-৮ আসনে ভোট গণনা চলাকালে এমন পাল্টাপাল্টি অভিযোগে সংশ্লিষ্ট এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা এখন চূড়ান্ত ফলাফলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও কড়া নজর রাখছেন।
জেএইচআর