ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:১৪ পিএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে। আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এই তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকের প্রেক্ষাপট বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পর বিশ্ব ক্রিকেটে যে তোলপাড় শুরু হয়েছে, তার রেশ ধরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগেই পাকিস্তানে দল ঘোষণা করলেও অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
তিনি বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে শুরু হওয়া বৈঠকে নাকভি আইসিসি সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও সব বিকল্প সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করেন।
বৈঠক শেষে মহসিন নাকভি জানান, প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। এই আলোচনার ওপর ভিত্তি করেই আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তান সরকার তাদের চূড়ান্ত অবস্থান পরিষ্কার করবে।
বাংলাদেশের অবস্থান ও পাকিস্তানের সংহতি উল্লেখ্য, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার ঘোষণা দেয় বাংলাদেশ। বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তা নাকচ করে দেয়। বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
পুরো এই সংকটকালীন সময়ে পাকিস্তান সরাসরি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলাদেশ অংশ না নিলে তারাও বিশ্বকাপ বয়কটের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এখন শেহবাজ শরিফ সরকারের চূড়ান্ত নির্দেশনার দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।
জেএইচআর