ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বাড়ছে গ্রেপ্তার নজরদারি

আ.লীগের মিছিল ঠেকাতে মরিয়া পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২৫, ১২:১৪ এএম

আ.লীগের মিছিল ঠেকাতে মরিয়া পুলিশ
  • দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল বের করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল বের করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনগুলো। দিনে দিনে মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মিছিলগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে।

গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা এসব মিছিল ঠেকাতে পুলিশকেও কঠোর নির্দেশনা দেন। অন্যথায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরপর থেকেই নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার ১০ জন হলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশবিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নম্বর বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল হাসান রতন (৩৪) ও উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।

তালেবুর রহমান জানান, দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে এবং রাত আনুমানিক ১টার দিকে মগবাজার এলাকা থেকে মো. হাবিবুল হাসান রতনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম। অন্যদিকে ১৯ এপ্রিল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

একইদিন সকালে ডিবি-গুলশান বিভাগের একটি টিমের অভিযানে উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ডিবি-রমনা বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে শনিবার ফুলবাড়িয়ার আনন্দবাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে এবং সন্ধ্যায় উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে গ্রেপ্তার করে এবং একই দিন রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেপ্তার করে।

তালেবুর রহমান বলেন, শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ডিবি-সাইবার বিভাগের একটি টিম মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ারকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ১৯ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকা থেকে মো. ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ১০ জন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Link copied!