নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৫, ০৭:০৭ পিএম
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের পুরাতন বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার বিকেলে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির মধ্যে ঘটেছে এ ঘটনা।
স্থানীয়রা জানায়, সালমা আকতার (৩২) নামের ওই নারী আওয়ামী লীগের সমর্থনে স্লোগান প্রদান করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে তুলে দেন।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম জানান, পরে তাকে হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, “এই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন সময় মিছিলে অংশগ্রহণ করেছেন। এছাড়া একবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করারও তথ্য রয়েছে। সালমা নানাভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করেন।”
তিনি আরও জানান, ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তার রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি।
এর আগে এদিন সকালে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ি থেকে ইট সংগ্রহ করতে যাওয়া এক কিশোরকে পুলিশ হেফাজতে নেয়, পরে তাকে মুক্তি দেওয়া হয়।
ইএইচ