রফিকুল ইসলাম, পূর্বাচল
জানুয়ারি ১৬, ২০২৬, ০৪:৩৯ পিএম
রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ৩০তম আসর। মাসব্যাপী এ আয়োজনের দ্বিতীয় শুক্রবারে সকাল থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা আরও জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। অনেকেই সঙ্গে এনেছেন পরিবারের শিশু সদস্যদের।
কর্মদিবসের তুলনায় ছুটির দিনে মেলায় ছিল উৎসবমুখর পরিবেশ। এবারের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, কার্পেট, তুর্কি মোজাইক, ল্যাম্পসহ নান্দনিক ঘর সাজানোর সামগ্রী। বিশেষ করে নারীদের ভিড় বেশি দেখা গেছে অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের দোকানগুলোতে।
কারাগারে বন্দি থাকা অবস্থায় প্রশিক্ষণের মাধ্যমে কয়েদিদের তৈরি হস্তশিল্প ও ঘর সাজানোর পণ্য ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের কারণে কারা স্টলে অন্য স্টলের তুলনায় বেশি ভিড় দেখা যায়। রাজধানীর যানজট এড়াতে এবং জ্বালানির বিকল্প হিসেবে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক বাইকের দিকে। ফলে মেলায় ইলেকট্রিক বাইকের স্টলগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়।
একই সঙ্গে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংকটে বৈদ্যুতিক চুলা ও কুকারের চাহিদা বেড়েছে। বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক চুলা খুঁটিয়ে দেখছেন ক্রেতারা।
মূল্যছাড় ও অফারের সুযোগ থাকায় এসব পণ্যের বিক্রি বাড়ছে বলে জানান বিক্রেতারা। ঢাকার গুলিস্তান থেকে মেলায় আসা আরিফুর রহমান বলেন, এক জায়গায় প্রয়োজনীয় অনেক পণ্য পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলক কম, তাই কেনাকাটায় সুবিধা হচ্ছে।
অন্যদিকে এক স্টল প্রতিনিধিরা বলছেন, মেলার মাঝামাঝি সময়ে বেচা-বিক্রি বাড়াতে বিশেষ ছাড় ও নানা অফার দেওয়া হচ্ছে। ছুটির দিনে ক্রেতার উপস্থিতি ভালো থাকছে। শিশুদের বিনোদনের জন্য মেলার উত্তর পাশে রয়েছে বিশাল শিশু পার্ক, যেখানে সকাল থেকেই ছোটদের ভিড় লক্ষ্য করা গেছে। এতে পরিবারসহ আসা দর্শনার্থীদের ভ্রমণ আরও আনন্দমুখর হয়েছে।
এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনে আজ ও আগামীকাল বিকাল থেকে মেলা প্রাঙ্গণে ফ্রি কনসার্ট আয়োজন করা হয়েছে। মেলায় প্রবেশের টিকিট থাকলেই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
উল্লেখ্য, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
ইএইচ