ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৫, ০২:৪৪ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইকেলে দিনভর ঘুরিয়ে রাতে হত্যার উদ্দেশ্যে ৬ বছরের শিশু সন্তানকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে সৎ পিতা মুরাদ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পথচারীর সহায়তায় প্রাণে বেঁচে যাওয়া শিশু তাসিন লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়।
স্থানীয় আজিপুর রহমান রাতের বেলায় শিশুটিকে পুকুরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে তারা শিশুটিকে থানায় নিয়ে আসে।
তাসিনের মা ববিতা বেগম জানান, তাসিনের বাবা মারা যাওয়ার পর প্রায় ছয়-সাত মাস আগে মুরাদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সৎ পিতা মুরাদ শিশুটিকে পছন্দ করতেন না। এর আগেও দুই-তিনবার তাসিনকে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ শনিবার রাতে ঘুরতে নিয়ে গিয়ে পুকুরে ফেলে হত্যা করতে চেয়েছিলেন। তিনি এ ঘটনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, শিশুটিকে উদ্ধারকারী আজিপুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
ইএইচ