আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
আগস্ট ২৬, ২০২৫, ০৯:০৭ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উৎপাদিত ঐতিহ্যবাহী কৃষিপণ্য লাল চিনি সম্প্রতি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি পেলে ফুলবাড়িয়ার লাল চিনির নতুনভাবে পরিচিতি মিলবে এবং বাণিজ্যিক সম্ভাবনাও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হলো এমন সব পণ্য, যেগুলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও বিশেষ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। জিআই স্বীকৃতি পণ্যের মান, ঐতিহ্য ও আঞ্চলিক বৈশিষ্ট্য নিশ্চিত করে।
ফুলবাড়িয়ার লাল চিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের হাতে ঐতিহ্যগতভাবে উৎপাদিত হয়ে আসছে। এক সময় সাদা চিনির ব্যাপক ব্যবহার ও বাণিজ্যিকীকরণের কারণে এ পণ্যটি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে জিআই স্বীকৃতি অর্জনের ফলে এটি নতুনভাবে টিকে থাকার সুযোগ পেয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতির ফলে লাল চিনি আন্তর্জাতিক বাজারে স্বতন্ত্র পরিচিতি গড়বে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষক ও উৎপাদনকারীরা আর্থিকভাবে উপকৃত হবেন। পাশাপাশি নতুন প্রজন্মের চাষিরাও উৎসাহিত হবেন এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
স্থানীয় কৃষকরা আশা করছেন, জিআই স্বীকৃতির ফলে ফুলবাড়িয়ার লাল চিনি আবারও গ্রাহক মহলে জনপ্রিয় হবে এবং দেশীয় ঐতিহ্যের অংশ হিসেবে আন্তর্জাতিক বাজারেও বিশেষ স্থান করে নেবে।
ইএইচ