নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)
আগস্ট ২৯, ২০২৫, ০৪:০৮ পিএম
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পিংকি মণি (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পিংকি মণি তার খালাতো বোনকে নিয়ে বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায় তারা দু’জনই তলিয়ে যেতে থাকে। এই সময় তার খালাতো বোন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পিংকি নদীর চোরাবালিতে আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালাতো বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও পিংকির কোনো খোঁজ মেলেনি। খবর পেয়ে এলাকার লোকজন নদীর তীরে ভিড় জমালেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল বা সরকারি কোনো সংস্থা কার্যকর তৎপরতা দেখায়নি। স্থানীয় জেলেরা জাল ফেলে সম্ভাব্য স্থানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ পিংকি মণি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকা কাকার গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের ধারণা, বর্ষার অতিরিক্ত স্রোত এবং নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে পানির প্রবাহ বেড়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
ইএইচ