জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
আগস্ট ৩১, ২০২৫, ০৭:৩৪ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এবং পলাশপুর জোনের উদ্যোগে পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় দুঃস্থ পাহাড়ী ও বাঙালী জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে পলাশপুর জোনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মাদ্রাসা ও চারটি যাত্রী ছাউনির মেরামতের জন্য সাড়ে ৬ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়।
এছাড়া তিনটি দুঃস্থ পরিবারকে কৃষি উপকরণ হিসেবে কীটনাশক স্প্রে মেশিন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ভলিবল, এবং নয়টি গরিব ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। মোট মানবিক সহায়তার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
একই দিনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ নেতৃত্বে শতাধিক দু:স্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।
লেঃ কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি স্থানীয় জনগোষ্ঠীর পাশে মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আগামীতেও আমরা দুঃস্থ পাহাড়ী ও বাঙালী জনসাধারণের পাশে থাকব।”
ইএইচ