হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৫৯ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানাবাড়ির পুকুর থেকে আরিফুর রহমান আবির (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবির চরহোসেনপুর গ্রামের লিটন মিয়ার একমাত্র ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলার সময় আবির হঠাৎ নিখোঁজ হয়। কিছুক্ষণ পর পুকুরের পাশে তার খেলনা গাড়ি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় পরিবারে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শিশুর বাবা লিটন মিয়া অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে তার স্ত্রী সন্তানকে হত্যা করেছে। অন্যদিকে মা মিতু আক্তার দাবি করেন, এটি নিছক একটি দুর্ঘটনা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ