মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৫, ০৮:০৮ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার সকালে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সামন্তা চারাতলাপাড়া গ্রামের রাস্তার পূর্ব পাশে মদগুলো উদ্ধার করা হয়।
একইদিন বিকেল আনুমানিক ২টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় চাপাতলা গ্রামের মো. রফিকুল ইসলামের মাল্টা বাগানের সামনে থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিনজন (নারী ১ ও শিশু ২) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/২১-আর সংলগ্ন কোদলা নদীর তীরে নিয়মিত টহলের সময় হাবিলদার মোঃ মাইন উদ্দিনের নেতৃত্বে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় দুইজন (নারী ১ ও শিশু ১) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ