হেলাল মজুমদার, ভেড়ামারা
অক্টোবর ১৩, ২০২৫, ০৭:৪০ পিএম
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার চকভেড়ামারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
এ সময় ফরিদুল ইসলাম (৪০) ও শুভ আলীকে (৩৪) অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের যথাক্রমে এক মাস ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।
অন্যদিকে, সোমবার সকালে দৌলতপুর উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের চামনাই গ্রামে আরও দুটি পৃথক অভিযান পরিচালনা করে অধিদপ্তর। এ সময় ওই গ্রামের আমিরুল ইসলামকে (৫৮) ৫ গ্রাম গাঁজাসহ এবং একই গ্রামের মিরাজ আলীর ছেলে হৃদয় আলীকে (২১) ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ