সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)
অক্টোবর ১৪, ২০২৫, ১১:২৬ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ (২৬) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত অপি দাশ চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী বলে জানা গেছে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। তবে কে বা কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
হাটহাজারী থানার ওসি মঞ্জুর জানান, স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। এ সময় অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই যুবকেরা। বিরোধের বিষয়টি এখনও বলতে পারেননি স্থানীয়রা।
ইএইচ