মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫, ০৪:৫২ পিএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫ বছরে দেশী ও বিদেশী শত্রুরা মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাদের উদ্দেশ্য ছিল—কিভাবে শিক্ষাকে ধ্বংস করা যায়, তাহলে জাতিকেও ধ্বংস করা যাবে। কোন একটি জাতিকে ধ্বংস করতে চান, তাহলে বোমা ও রকেটের দরকার নাই, তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। গত ১৫ বছরে সেই কাজটি করেছে ফ্যাসিস্ট সরকার। আমাদের শিক্ষানীতিকে তারা একেবারে ধ্বংসের দারপ্রান্তে এনে এই দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার সকাল ১১টায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নকলের মহোৎসব, প্রশ্নপত্র ফাঁস, অটো পাসের কথা আগে কখনো শুনেছেন আপনারা? এই শিক্ষাকে পুনঃস্থাপন করতে আমাদের সময় লাগবে। সময় যতই লাগুক না কেন, এর মূল কারিগর হলেন আপনারা শিক্ষকরা। আপনারা হলেন আমাদের মাথার তাজ। কাজেই আপনাদের চাহিদা যদি আমরা পূরণ না করি, তাহলে আপনাদের সঙ্গে আমাদের মোনাফেকি করা হবে। আপনাদের এই আন্দোলন অন্তত যৌক্তিক, এটা প্রয়োজন। এ সরকার আপনাদের সঙ্গে আছে। বিএনপি আপনাদের পক্ষে রয়েছে। তবে বিএনপি সরকার ক্ষমতায় এলে আপনাদের যত সমস্যা আছে তা পাইপাই করে বুঝিয়ে দেওয়া হবে।”
সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দীন এর সভাপতিত্বে ও সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. খাইরুল্লাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মো. জাফর ইমাম সিকদার, সহকারী অধ্যাপক মো. আ. মন্নান লোটাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, প্রধান শিক্ষক মো. আবদুস সালাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে. এম. আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন মোল্লা প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক প্রতিনিধি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ইএইচ