ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫, ১১:৩২ এএম
যুব উন্নয়ন অধিদপ্তরের “ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ” কর্মসূচি দেশের বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করার এক প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু ঈশ্বরগঞ্জে এই প্রশিক্ষণ নিয়ে অভিযোগ উঠেছে প্রচার-প্রচারণার অভাব ও স্থানীয় কর্মকর্তার উদাসীনতা নিয়ে।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত “টেকাব” (টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস) প্রকল্পের আওতায় একটি প্রশিক্ষণ ভ্যান ঈশ্বরগঞ্জে আসে। তবে সীমিত প্রচারণার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক সময়মতো এই বিনামূল্যের প্রশিক্ষণের খবর পাননি। ফলে বেশিরভাগই আবেদন করতে পারেননি।
স্থানীয় কলেজ শিক্ষার্থী এনামুল হক জাহিদ বলেন, “আমরা কেউই জানতাম না। মনে হয় ইচ্ছে করেই খবর গোপন রাখা হয়েছে।” অভিভাবকরাও অভিযোগ তুলেছেন যে, প্রচারের দায়িত্বে থাকা কর্মকর্তারা সচেতনভাবে নীরব থেকেছেন।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, বিষয়টি যুব উন্নয়ন কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ নিচ্ছি।
স্থানীয়দের দাবি, সরকারের এমন কল্যাণমূলক উদ্যোগ সফল করতে প্রচার ও তদারকির ক্ষেত্রে আরও সচেতনতা প্রয়োজন।
ইএইচ