মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫, ০৫:০৯ পিএম
কৃষি পুনর্বাসন সহায়তা হতে পটুয়াখালীর মির্জাগঞ্জে রবি মৌসুমে চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী (হাইব্রিড), ফেলন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের পাঁচ সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু সিকদার, মো. আনোয়ার হোসেন সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৫ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রকারভেদে ১ কেজি বীজ (সরিষা), ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
ইএইচ