জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
নভেম্বর ৫, ২০২৫, ০৬:৫৭ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) পৌর মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমা সঞ্চালনায় ও পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে পৌর বিএনপি, পৌর মহিলা দল ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কুহেলি দেওয়ান বলেন, স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা রাজনৈতিক দলটি আজও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বীরা সাময়িক হলেও প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া জনগণের মধ্যেই আছেন। সবাই মিলে তাকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে।
প্রধান বক্তা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া’র নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তাই প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। তিনিই আমাদের জন্য আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।
ইএইচ