আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
নভেম্বর ৬, ২০২৫, ০৪:৫৫ পিএম
ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পৃথক দুটি আদালত এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভাবানীপুর এলাকার আলাউদ্দিন (৪৩) ও তার স্ত্রী নাসরিন নেলী (৩২), এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)। একই মামলার আরেক আসামি, নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ দক্ষিণপাড়া এলাকার দীন ইসলাম (২৩), কে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড।
প্রথম মামলাটি ২০১৪ সালে ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় সংঘটিত পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যার সংক্রান্ত। পরকীয়ার জেরে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ দেন আদালত। মামলাটি কোতোয়ালি মডেল থানায় দায়ের করা হয়। এই মামলার রায় ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হারুন অর রশিদ।
দ্বিতীয় মামলাটি ২০২২ সালে ময়মনসিংহের তারাকান্দা থানায় দায়ের হওয়া হত্যা মামলা। এ মামলায় রুবেল মিয়া ও দীন ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। এতে রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড ও দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক জয়নাব বেগম।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আনোয়ারুল আজিজ টুটুল।
তিনি বলেন, “দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও তদন্ত শেষে আদালত আজ রায় ঘোষণা করেছেন। বিচারপ্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
ইএইচ