জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
নভেম্বর ১৩, ২০২৫, ০৬:০৭ পিএম
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, আড়হর, বোরো উফশী ও বোরো হাইব্রিড বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমি চাষিদের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, সরকারের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। সরকার থেকে পাওয়া বীজ ও সারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। যেসব কৃষক এবার বীজ ও সার পাননি, তারা আগামীতে পর্যায়ক্রমে পাবেন বলেও জানান। তিনি আরও বলেন, যারা এবার পেয়েছেন তারা যেন পুনরায় আবেদন না করেন। সরকারের পক্ষ থেকে বীজ ও সার পাওয়া সত্ত্বেও যারা নিজেরা চাষাবাদ করবেন না, তাদেরকে ভবিষ্যতের জন্য নজরদারিতে রাখা হবে।
মাটিরাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ইউনুস নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহিম মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সেলিম রানা।
উপজেলার বিভিন্ন ব্লক থেকে আগত রবি মৌসুমি ৭৫০ জন চাষির মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরনবী অন্যায় মাহমুদসহ বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ