কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫, ০৩:২০ পিএম
নেত্রকোণার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের পাশে ভোগাই নদীর ওপর নির্মিত নতুন কাঠের সেতু বদলে দিয়েছে আশপাশের দশ গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন।
গত ১৩ নভেম্বর শুরু হওয়া পুনঃসংস্কার কাজ শেষে ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের এ সেতুটি এখন সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। এর ফলে গুতুরা বাজারের সঙ্গে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।
এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ৪টি মসজিদের মুসল্লী, ১টি মহিলা মাদরাসা, ১টি কওমী মাদরাসা, ১টি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ আশপাশের আরও অনেক গ্রামের শত শত মানুষ।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। পুরোনো সেতুটি ভেঙে যাওয়ায় নদী পার হতে তাদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হতো।
এ সমস্যার সমাধানে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কয়েকদিনের মধ্যেই স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় সেতুর পুনঃনির্মাণ কাজ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আগে একটি কাঠের সেতু ছিল, তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসী চরম কষ্টে ছিলেন। তাই আমরা পুনঃনির্মাণের সিদ্ধান্ত নিই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয়রা বলেন, “এই সেতু শুধু কাঠের নয় এটি আমাদের জীবনযাত্রার নিরাপত্তা ও স্বস্তির পথ।”
ইএইচ