আমার সংবাদ ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০৮ পিএম
মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করার পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন। একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ।
এই ঘটনায় অন্তত তিনজন বাউল ভক্ত আহত হন। তারা হলেন, শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার এলাকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। হামলার শিকার আরও কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা যায়নি।
হামলার সময় তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদরাসা শিক্ষকও আহত হন।
পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকায় আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষিপ্তভাবে বাউল ভক্তদের ওপর হামলা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলের পাশে পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
এর আগে সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে বের হয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।
ইএইচ