ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫, ০৪:২২ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যতিক্রমধর্মী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান।
মঙ্গলবার সকালে উচাখিলা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ ক্যাম্পে সকাল ৯টা থেকেই সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।
ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস, নিউরোমেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। একই সঙ্গে চিকিৎসকদের প্রদত্ত ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও রোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, “ঈশ্বরগঞ্জের অনেক মানুষ এখনও দরিদ্রতা ও সুযোগ-সুবিধার অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা না পেয়ে কষ্টে থাকে এ লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।”
ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
তারা বলেন, “রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে এমন উদ্যোগ সবসময় প্রশংসার দাবি রাখে।” বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইএইচ