জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ
নভেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় ডিসি সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পঞ্চবটি বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৬ ডিসেম্বর সকালে সরকারি ও বেসরকারি সকল দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং ওসমানী পৌর স্টেডিয়ামে শিশু কিশোর কুচকাওয়াজের আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার জন্য অকুতোভয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমরা কখনো ভুলব না। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। তাদের এই ত্যাগ ইতিহাসের পাতায় লিখা থাকবে।”
জেলা প্রশাসক আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে পঞ্চবটি বদ্ধভূমিতে ফুলেল শুভেচ্ছা নিবেদন এবং বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া আয়োজন করা হবে। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভূমিকম্প সচেতনতা বৃদ্ধির জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার দিকে সবার মনোযোগ রাখার নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আফম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নুর আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ