ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৪৯ পিএম
সারাদেশের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে লাগাতার শাটডাউনসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
আন্দোলনকারীরা জানান, ১০ম গ্রেডের দাবি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তারা বলেন, ৩১ বছর ধরে একই দাবি জানালেও এখনো বাস্তব অগ্রগতি নেই, তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে নামতে হয়েছে।
তাদের ভাষ্য, দেশের স্বাস্থ্যব্যবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যথাযথ গ্রেড ও সম্মান না পেলে মনোবল দুর্বল হয়ে যায়। তারা সরকারের দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আশা করেন। রোগীদের ভোগান্তির কথা বিবেচনায় কর্মবিরতির সময় জরুরি সেবা চালু থাকবে বলেও জানান আন্দোলনকারীরা।
কর্মসূচির সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) আজহার উদ্দিন, এমটি (ডেন্টাল) জাহেদুল মাসুদ, এমটি (রেডিওলজি) মতিউর রহমান, এমটি (ল্যাব) নিহাদ, ফার্মাসিস্ট রফিকুল ইসলাম, তুফায়েল আলম প্রমুখ।
ইএইচ