হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫, ০২:৫২ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় মহাসড়কের উপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত দেলোয়ার পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিন নগরের চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র, সে বাংলাদেশ নৌবাহিনীর সেইলর হিসেবে কর্মরত রয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বাড়ি থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ভোরে রওনা দেন দেলোয়ার হোসেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় লোকজন রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখেন, সেই অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে দেলোয়ার হোসেন কিভাবে দুর্ঘটনায় পতিত হয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ মুঠোফোনে জানান, "দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"
ইএইচ