কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাস, মাদক ও জুয়া নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতারসহ স্থানীয় সংবাদকর্মীরা।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনপদে চুরিসহ ছোটখাটো অপরাধ দমনে নিয়মিত নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, উপজেলার প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি-ছিনতাই রোধে পুলিশের টহল আরও জোরদার করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তিনি উপজেলার সকল স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।
ইএইচ