মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)
ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:৫৬ পিএম
তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে সুরক্ষা দিতে চট্টগ্রামের হাটহাজারীতে মাসব্যাপী মানবিক কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাটহাজারীবাসীদের সংগঠন ‘হাটহাজারী সমিতি’।
শুক্রবার বিকেলে পৌরসভার কলেজ গেট এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন ‘জাগৃতি ক্লাব’-এর সহযোগিতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।
জাগৃতি ক্লাবের সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী (মানিক)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসীদের এই পরোপকারী মানসিকতার প্রশংসা করে বলেন, “মাতৃভূমির প্রতি টান থেকে প্রবাসীরা যে সেবামূলক কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত অনুকরণীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মেডিকেলের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন, মো. সাদ্দাম হোসেন, মো. ফোরকান চৌধুরী মাসুদ ও নুরুল আলম মিঠু।
স্বাগত বক্তব্যে হাটহাজারী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম মামুন জানান, ২০১৮ সাল থেকে প্রবাসীদের এই সংগঠনটি হাটহাজারীর আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের হাতে শীতার্তদের জন্য বরাদ্দকৃত কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় সমিতির সহ-সভাপতি মো. নাইম উদ্দিন, মো. মঈন, দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ