মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৩৯ পিএম
শিশুর সুস্থ ও সুষম বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকা অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে শিশুদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশে কার্যকর দিকনির্দেশনা দিতে মুন্সীগঞ্জে প্রকাশিত হয়েছে শিশু বিকাশ সহায়িকা ‘প্রস্ফুটন’।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে প্রকাশিত পুস্তিকাটির রোববার সকালে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “‘প্রস্ফুটন’ নামটির মধ্যেই একটি গভীর দর্শন রয়েছে। একটি কুঁড়ি যেমন সঠিক পরিচর্যায় ফুল হয়ে ওঠে, তেমনি শিশুও সঠিক দিকনির্দেশনা, মূল্যবোধ ও স্নেহ পেলে গড়ে ওঠে মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে।”
তিনি আরও বলেন, শিশুবান্ধব ভাষায় প্রণীত এই সহায়িকাটি কেবল শিশুদের জন্য নয়, শিক্ষক ও অভিভাবকদের জন্যও একটি কার্যকর পথনির্দেশক। শিশুদের দৈনন্দিন জীবন গঠনে এটি একটি বাস্তবভিত্তিক গাইডলাইন হিসেবে কাজ করবে। প্রায় ছয় মাস আগে প্রাথমিক শাখার অভিভাবক সমাবেশে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই ‘প্রস্ফুটন’-এর প্রকাশ উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই পরিকল্পিত জীবনাচরণ গড়ে তোলা জরুরি। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন, হাতে–কলমে শেখানো এবং বড়দের আচরণগত উদাহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুরা সহজাতভাবে অনুকরণপ্রিয় হওয়ায় ছোটবেলার অবহেলা কিংবা অতিরিক্ত প্রশ্রয় ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখেই প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিকল্পিতভাবে ‘প্রস্ফুটন’ প্রণয়ন করা হয়েছে। মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং সম্মিলিত উদ্যোগে বইটি শিশুদের জন্য একটি সময়োপযোগী জীবনঘনিষ্ঠ সহায়িকায় রূপ পেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে বইটি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সিলেবাস অনুযায়ী ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
সহায়িকা পুস্তিকাটিতে দেখা যায়, শিশুদের দৈনন্দিন জীবনাচরণ, আদব–কায়দা, শিষ্টাচার, সময়ানুবর্তিতা, স্কুল ও খেলার মাঠের আচরণ, বাসা ও আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থানকালীন শিষ্টাচার, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতা এবং টিভি ও মোবাইল ফোনের অপব্যবহার পরিহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও সচিত্রে বিভিন্ন অধ্যায়ে তুলে ধরা হয়েছে। বইটির মাধ্যমে একজন শিশুর ২৪ ঘণ্টার জীবন পরিচালনা হতে পারে আরও পরিকল্পিত, যা তাঁর জীবনকে গড়ে তুলবে আরও সুচারু ও সুন্দর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান একাডেমিক কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক শিপলু মন্ডল, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, প্রস্ফুটন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাথমিক শাখার সহকারী শিক্ষক মো. সানোয়ার হোসেনসহ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ইএইচ