আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬, ০৫:২৩ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের যাদবপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলা শহর আলমডাঙ্গায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজমুল হক (৩২)। তিনি উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনাল মণ্ডলের ছেলে। তার তিন মাস বয়সের একটা মেয়ে শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে আলমডাঙ্গায় যাওয়ার জন্য বের হন নাজমুল। পথিমধ্যে যাদবপুর নামক স্থানে পোঁছালে হঠাৎ একটি বিড়াল মোটরসাইকেলের সামনে এসে পড়লে দ্রুত গতির মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন চালক নাজমুল।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী, আলমডাঙ্গায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, বাদ আসর নিহতের মরদেহ কেশবপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
জেএইচআর