চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ৮, ২০২৬, ০৪:০৭ পিএম
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত শিক্ষক কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। বিদ্যালয়টিতে ১৯টি সহকারী শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ২৫ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন।
একদিকে এক বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক থাকলেও উপজেলার অন্তত ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১৩ জুন শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে একযোগে বদলি করা হয়। বদলিকৃত শিক্ষকদের মধ্যে ১০ জন অন্য বিদ্যালয়ে যোগদান করলেও ৭ জন শিক্ষক উচ্চ আদালতে রিট (নং-৮৪৫৬/২৩) দায়ের করেন। আদালত শুনানি শেষে তাদের বদলি আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করেন।
তবে অভিযোগ উঠেছে, উচ্চ আদালতের সেই স্থগিতাদেশ উপেক্ষা করেই অন্য বিদ্যালয় থেকে আরও ৬ জন শিক্ষককে শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। এর ফলে বিদ্যালয়টিতে পদের অতিরিক্ত শিক্ষক অবস্থান করছেন, যা নিয়মবহির্ভূত।
রিটকারী শিক্ষকদের আইনজীবী অ্যাডভোকেট আলী ইমাম খালেদ রহিম জানান, শিক্ষা অফিস থেকে একাধিকবার আপিল করা হলেও উচ্চ আদালত বদলি আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন।
এদিকে উপজেলার অন্য বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন পটিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুবরত খান। তিনি জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং এর সমাধানকল্পে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
ইএইচ