খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার)
জানুয়ারি ২৫, ২০২৬, ১০:০৮ এএম
রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল লেদাপুতু (২৮) নিহত হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী নিয়ে অতর্কিত শাহিন ডাকাত এর সহযোগী শফিউল আলম প্রকাশ লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল আলম লেদাপুতু মারা যান।
শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান।
পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য যে, নিহত শফিউল আলম লেদা পুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড। শাহীন ডাকাত আটক হওয়ার পর উক্ত জনপদে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম ডাকাত বেপরোয়া হয়ে উঠে, নিত্যদিন বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে। বর্তমানে উক্ত জনপদে সীমান্ত সকল অপকর্মে জড়িত।
আব্দুর রহিম প্রকাশ রহিম ডাকাত (২৪) গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।
এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছেন, লেদাপুতুু সন্ত্রাসী এলাকার সাহসী এক যুবক-সন্ত্রাসীদের আতঙ্ক ছিল। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে অতি কাছ থেকে খুন করে বলেও দাবি করেন তারা। অথচ ঘটনাস্থলের অপর প্রান্তে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের একটি দল টহলে ছিল।
ঘটনার ৫ মিনিটেই তারা ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা দলবেঁধে পালিয়ে যায়।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এএন