চাঁদপুর প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৪৩ এএম
ভোটের হাওয়া বইছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। আর এই নির্বাচনী উত্তাপের মধ্যেই ‘শীত নিবারণের’ উসিলায় ভোটারদের মন জয়ের চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়েছেন এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ ও ভোট চাওয়ার অভিযোগে মমিন হোসেন গাইন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ সময় অভিযুক্তের কাছ থেকে বিতরণযোগ্য বেশ কিছু কম্বলও জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপুর গ্রামের গাইন বাড়ির মমিন হোসেন গাইন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নানের (প্রতীক: চিংড়ি মাছ) একনিষ্ঠ সমর্থক। শীতের প্রকোপকে কাজে লাগিয়ে প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়াতে গতকাল সন্ধ্যার পর তিনি এক অভিনব কৌশলের আশ্রয় নেন। মমিন ও তার আরও কয়েকজন সহযোগী ভ্যানভর্তি কম্বল নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেন। তারা দুস্থ ও সাধারণ মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে ‘চিংড়ি মাছ’ প্রতীকে ভোট দেওয়ার জন্য জোরালো অনুরোধ করতে থাকেন।
বিষয়টি স্থানীয়দের নজর এড়ায়নি। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকেই তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিল আর কম্বল বিলি করছিল। এটি যে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, তা বুঝতে পেরে আমরা তাদের হাতেনাতে ধরার পরিকল্পনা করি। পরে সাহাপুরের একটি মাদ্রাসার সামনে মমিন হোসেনকে কিছু কম্বলসহ স্থানীয়রা আটকে রাখে।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা উপজেলা প্রশাসন ও ফরিদগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন থানা পুলিশ এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
অভিযুক্ত মমিন হোসেন গাইন ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেন। তিনি স্বীকারোক্তি দেন যে, জব্দকৃত কম্বলগুলো স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং তিনি কেবল প্রার্থীর নির্দেশে সেগুলো বিতরণ করছিলেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, “আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাত আটটার দিকে অভিযান চালিয়ে ১৬টি কম্বলসহ ওই ব্যক্তিকে আটক করি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের আগে কোনো প্রার্থীর পক্ষ থেকে উপহার বা আর্থিক সুবিধা প্রদান দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
নির্বাচনী মাঠে এমন ‘উপহার রাজনীতি’ বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, আচরণবিধি লঙ্ঘন করে কেউ যদি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জব্দকৃত কম্বলগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
চাঁদপুর-৪ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতার আগে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের এই জরিমানা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা চলছে যে, প্রার্থীরা সরাসরি প্রচারণার পাশাপাশি গোপনে কতভাবে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন।
এএন